বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আপাতত তিনি পরিবার ও ক্রিকেট নিয়েই সময় কাটাচ্ছেন।
আপাতত তিনি পরিবার ও ক্রিকেট নিয়েই সময় কাটাচ্ছেন, তবে ভবিষ্যতে সুযোগ এলে রাজনীতিতে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।
একটি ইংরেজি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করায় স্বাভাবিকভাবেই দেশের জন্য টান অনুভব করছেন। আইনি কিছু প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত সবকিছু সমাধান হলে দেশে ফিরতে পারবেন।
বর্তমান সময়কে ইতিবাচকভাবে দেখছেন জানিয়ে সাকিব বলেন, ব্যস্ত সূচির বাইরে পরিবারকে সময় দেওয়া এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার সুযোগ পাচ্ছেন।
ক্রিকেট প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এখনও খেলা থেকে পুরোপুরি সরে দাঁড়াননি। সুযোগ পেলে মাঠে ফিরতে চান বলেও জানান তিনি।
রাজনীতি নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, রাজনৈতিক কার্যক্রম বর্তমানে সক্রিয় না থাকায় তিনি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন। তবে ভবিষ্যতে দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার চিন্তা রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, রাজনীতি এমন একটি ক্ষেত্র, যার মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। মানুষের জন্য কাজ করার ইচ্ছা এখনও তার মধ্যে আছে বলেও জানান তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই সমান সুযোগ পাবে।
সাম্প্রতিক সহিংসতা ও মৃত্যুর ঘটনাগুলো নিয়ে দুঃখ প্রকাশ করে সাকিব বলেন, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হওয়া জরুরি, তবে নির্দোষ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়।
সবশেষে তিনি বলেন, দেশের মানুষের স্বস্তি ফেরানোই রাজনীতিবিদদের প্রধান দায়িত্ব হওয়া উচিত এবং সেই লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।
এসআর