[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকট, দুর্ভোগে রোগীরা

ফিরোজ মোল্যা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৭:০১ পিএম

সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালে রোগীর চাপ থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীর অভাব স্পষ্টভাবে চোখে পড়ছে।


সোমবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে মাত্র একজন চিকিৎসক ও একজন নার্স দায়িত্ব পালন করছেন।

বিপরীতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অসংখ্য রোগী। গরমে অসুস্থ শিশুদের কান্না, পর্যাপ্ত সিলিং ফ্যানের অভাব—সব মিলিয়ে পরিস্থিতি ছিল অস্বস্তিকর।


হাসপাতালের অভ্যন্তরে দেখা গেছে, শয্যার সংখ্যা প্রায় ৫০টি হলেও প্রতিদিন দেড় শতাধিক রোগী ভর্তি হচ্ছেন। ফলে অতিরিক্ত রোগীদের বারান্দা কিংবা অপরিচ্ছন্ন বেডে থাকতে হচ্ছে। অনেক বেডে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতারও ঘাটতি রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নার্স জানান, পর্যাপ্ত জনবল না থাকায় কর্মরত নার্সদের ওপর বাড়তি চাপ পড়ছে। তিনি বলেন, প্রতিদিন এত রোগী সামাল দিতে আমাদের খুব কষ্ট হয়। ছুটিও নেওয়া যায় না।

পর্যাপ্ত নার্স নিয়োগ দেওয়া হলে রোগীদের আরও ভালোভাবে সেবা দেওয়া সম্ভব।


অন্যদিকে রোগীর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসক ও নার্সের স্বল্পতার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

তারা দ্রুত জনবল বৃদ্ধি করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি জানান।
সামগ্রিকভাবে জনবল সংকট ও অব্যবস্থাপনার কারণে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি দিন দিন বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর