বিশ্ববাজারের সাথে সমন্বয় করে মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সোমবার বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন
চৌধুরী জানান, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে আজই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত থাকার পাশাপাশি এপ্রিল মাসে আরও দেড় লাখ মেট্রিক টন আমদানির প্রক্রিয়া শেষ হয়েছে, ফলে সংকটের কোনো আশঙ্কা নেই।
দেশে মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই হলো ডিজেল, যা মূলত গণপরিবহন ও কৃষি সেচ কাজে ব্যবহৃত হয়। ব্যবহারের এই ব্যাপকতার কারণে ডিজেলের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে, অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় এগুলোর ব্যবস্থাপনা সহজতর হচ্ছে।
পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার বেশ কিছু বিকল্প পদক্ষেপ নীতিগতভাবে বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে অফিসের সময়সীমা কমিয়ে আনা, সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং প্রয়োজনে অনলাইন ক্লাস চালু করার মতো বিষয়গুলো। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এসব সাশ্রয়ী পদক্ষেপ কার্যকর করার বিষয়ে সরকার ইতিবাচক চিন্তাভাবনা করছে।
এসআর
মন্তব্য করুন: