নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে আলোচনায় আসা প্রকল্পগুলোর মধ্যে ৬টি অনুমোদন পেয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময়ের সীমাবদ্ধতায় ৮টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ৬টি অনুমোদিত হয়েছে এবং বাকি ২টি প্রকল্প আরও যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত রাখা হয়েছে। অবশিষ্ট প্রকল্পগুলো আগামী বৈঠকে উপস্থাপন করা হবে।
প্রচলিত নিয়ম অনুযায়ী শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষ-এ একনেক সভা অনুষ্ঠিত হলেও এবার ভেন্যু পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আয়োজন করা হয়। কর্মকর্তারা ধারণা করছেন, প্রশাসনিক সুবিধা ও প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি নতুন একনেক কমিটি গঠন করা হয়, যেখানে বিকল্প সভাপতির দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সরকারের অধীনে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এসআর