সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ আজ সোমবার (৬ এপ্রিল) সকালে দেশে এসে পৌঁছেছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন আনা হয়। বিমানবন্দরে মরদেহের
আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। ১৫ বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর আশায় তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর তার দেশে ফেরার কথা থাকলেও ফিরলেন নিথর দেহ হয়ে। তার মৃত্যুতে স্ত্রী শারমিন আক্তার এবং ছয় বছরের একমাত্র সন্তান মাহেদী শেখসহ পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গত ৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে ইফতারের আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মামুন। দীর্ঘদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গত ১৭ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, একই হামলায় মোশাররফ হোসেন নামে আরও এক বাংলাদেশি নিহত হয়েছিলেন, যার মরদেহ গত ২০ মার্চ দেশে আনা হয়েছিল।
সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা ও সহমর্মিতা জানানো হয়েছে।
এসআর