মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকির পর বৈশ্বিক তেলের বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বাড়ায় দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার অতিক্রম করেছে।
সোমবার (৬ এপ্রিল) এশীয় বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১.৬ শতাংশ বেড়ে ১১০.৮৫ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও বেড়ে ১১২ ডলারের বেশি হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
উল্লেখ্য, ইরান আগে থেকেই এই জলপথ ব্যবহারে বাধা দেওয়ার হুমকি দিয়ে আসছে। সাম্প্রতিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে দাম দ্রুত বাড়ে এবং বৈশ্বিক মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়।
এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে জ্বালানি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। Islamic Revolutionary Guard Corps সতর্ক করে জানিয়েছে, তাদের দেশে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, OPEC+ জোট মে মাসে তেল উৎপাদন কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিলেও, চলমান সংঘাতের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এসআর