মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে টেলিফোনে আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জয়শঙ্কর নিজেই এই
ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে এটি ষষ্ঠবারের মতো আলোচনা। দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পেয়েছে।
এদিকে ইরানের ওপর চাপের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য বর্তমানে আলোচনা চলছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এমনকি ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও তার পরিকল্পনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, একদিকে ভারত-ইরানের মতো দেশগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও তেলের ওপর নিয়ন্ত্রণের হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে।
এসআর