মুক্তির মাত্র ১৭ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর ২’। সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৪ কোটি ৩০ লাখ রুপি। আয়ের এই উর্ধ্বমুখী গতি দেখে
চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, খুব শিগগিরই এটি ১৬০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করবে।
আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলারটি বক্স অফিস আয়ের দৌড়ে ‘দাঙ্গাল’, ‘বাহুবলী ২’ এবং ‘পুষ্পা ২’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকে টেক্কা দিচ্ছে। এছাড়া ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা মিলিয়ে এখন পর্যন্ত মোট আয় হয়েছে ২ হাজার ৮৭১ কোটি ৬৫ লাখ রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় সাফল্য।
ভারতে আয়: সিনেমাটি ভারতে এখন পর্যন্ত মোট ১ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে।
বিদেশে আয়: বিদেশের বাজার থেকে আয় হয়েছে ৩৮৫ কোটি রুপি।
প্রদর্শন: বর্তমানে পুরো ভারতজুড়ে প্রায় ৯ হাজার ৯৭৯টি প্রেক্ষাগৃহে দাপটের সাথে চলছে সিনেমাটি। হিন্দি সংস্করণের পাশাপাশি দক্ষিণ ভারতের তামিল ও তেলেগু ভাষাতেও দর্শকরা সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেছেন।
৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে জসকিরত সিং রাঙ্গি নামক এক পাঞ্জাবি যুবককে কেন্দ্র করে, যাকে ভারতের গোয়েন্দা সংস্থা 'র' (RAW) করাচির এক দুর্ধর্ষ স্পাই হিসেবে গড়ে তোলে। সিনেমার গল্পে বাস্তব জীবনের কিছু রাজনৈতিক ঘটনা যেমন—২০১৪ সালের নির্বাচন এবং ২০১৬ সালের নোটবন্দীকরণের প্রেক্ষাপটও উঠে এসেছে।
রণবীর সিংয়ের পাশাপাশি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল। সমালোচকদের মতে, জসকিরত সিং চরিত্রে রণবীর সিং তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন।
এসআর