[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

ঢাকা কলেজের হলে ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ১০:৫৭ এএম

রাজধানীর ঢাকা কলেজের সাউথ হলে ছাদের পলেস্তারা খসে পড়ে মুশফিকুর রহমান নামের এক উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে হলের ৩১৮ নম্বর কক্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নিয়ে

 প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীর মতে, দুপুরে খাওয়ার পর কক্ষে বিশ্রামের সময় আচমকা ছাদের পলেস্তারা তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলের কক্ষগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কলেজ প্রশাসন ও হল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে হল কমিটির আহ্বায়ক আনোয়ার মাহমুদ জানিয়েছেন, আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ হল থেকে বহন করা হয়েছে। তিনি আরও জানান যে, হলের সংস্কারের জন্য ইতোমধ্যে ১ কোটি ৩৬ লাখ টাকার টেন্ডার পাস হয়েছে, কিন্তু কাজ শুরু হয়েও মাঝে কিছু দিন বন্ধ ছিল।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আহত শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয় কলেজ প্রশাসন বহন করবে। হলের সংস্কার কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে আগামীকালই প্রকৌশলীদের তলব করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এসআর

সম্পর্কিত খবর