সরকারের নীতি ও মানসিকতায় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, কাঠামোগত অবস্থান থেকে সরে গেলে আবারও ‘চব্বিশের’ মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কাওরানবাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত “মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা পুনরায় হুমকির মুখে” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহর ভাষ্য, ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া মানুষজন কোনো ব্যক্তি বা পদ পাওয়ার জন্য রাজপথে নামেননি; বরং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনই ছিল তাদের প্রধান দাবি। তার মতে, সেই কাঠামোগত সংস্কার থেকে সরে এলে একই ধরনের আন্দোলন আবারও দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, সরকারকে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কার নিয়ে সংসদের ভেতরে সরকারি দলের কিছু সদস্যের অবস্থানের সমালোচনা করে হাসনাত বলেন, যারা একসময় ভুক্তভোগী ছিলেন, তারাই এখন অনেক ক্ষেত্রে সংস্কারের বিরোধিতা করছেন—যা তিনি অনভিপ্রেত বলে উল্লেখ করেন।
মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার মতে, কমিশন যদি কার্যকরভাবে স্বাধীনভাবে কাজ করতে না পারে এবং মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকে, তাহলে সংবেদনশীল ঘটনাগুলোর তদন্তে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার না হলে ভবিষ্যতে দেশ আবারও সংকটের দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এসআর