জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার প্রস্তাব উত্থাপন করেছেন। রোববার (৫ এপ্রিল) অধিবেশনের কার্যসূচি শুরুর আগে
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি জানান।
বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটির রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ 'ল্যাপস' বা বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মতে, এই অধ্যাদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 'জুলাই স্পিরিটের' সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এগুলো বিলুপ্ত না করে সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
জবাবে আইনমন্ত্রী শুরুতে জানান যে, উত্থাপিত বিলগুলো অধ্যাদেশ থেকে নয় বরং মন্ত্রণালয় থেকে আসা নতুন বিল। তবে আসরের নামাজের বিরতির পর তিনি আগের বক্তব্যের সংশোধনী দিয়ে স্বীকার করেন যে, বিল দুটি ওই ১৩৩টি অধ্যাদেশের অন্তর্ভুক্ত ছিল। আইনমন্ত্রী আশ্বস্ত করেন যে, প্রতিটি অধ্যাদেশই সংসদে উত্থাপন করা হবে এবং প্রথম ও দ্বিতীয় পাঠের সময় সংসদ সদস্যরা আলোচনার পর্যাপ্ত সুযোগ পাবেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ এ সময় জানান, আগামী ৯ এপ্রিলের মধ্যে প্রায় ৯৩টি বিল পাস করার লক্ষ্য রয়েছে। সেখানে সংসদ সদস্যদের অনেক বক্তব্য রাখার সুযোগ থাকবে এবং বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে। বিরোধীদলীয় নেতা পুনরায় জোর দিয়ে বলেন, জনগণের অধিকার রক্ষার স্বার্থে প্রতিটি অধ্যাদেশ নিয়ে সংসদে উন্মুক্ত আলোচনা হওয়া জরুরি।
এসআর