বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির শুনানিতে উপস্থিত না হওয়ার কারণ স্পষ্ট করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৫
এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।
আসিফ মাহমুদ তার পোস্টে মূলত চারটি প্রধান কারণ উল্লেখ করেছেন। প্রথমত, তিনি বিসিবিকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এর ওপর মন্ত্রণালয়ের তদন্তকে এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেন। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগে থেকে সিদ্ধান্ত নির্ধারিত ছিল বলে তিনি মনে করেন। তৃতীয়ত, বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এই তদন্তকে তিনি 'আদালত অবমাননা' হিসেবে অভিহিত করেছেন। চতুর্থত, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বোর্ড পরিচালকদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ করানোর অভিযোগও তোলেন তিনি।
সাবেক এই উপদেষ্টা আরও জানান, তদন্ত কমিটির কাছে আইনি ভিত্তি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর তদন্তের যৌক্তিকতা জানতে চেয়ে তিনি কোনো সদুত্তর পাননি। নিয়মবহির্ভূত কোনো কাজে অংশ না নিতেই তিনি সচেতনভাবে এই সাক্ষাৎকার এড়িয়ে গেছেন বলে জানান।
উল্লেখ্য, ৫ সদস্যের এই তদন্ত কমিটি ইতোমধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে আজ এনএসসিতে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে সাবেক ক্রীড়া উপদেষ্টার এই অনুপস্থিতি ও বিস্ফোরক মন্তব্য ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এসআর