অর্থমন্ত্রীর প্রকাশিত শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকায় দেশের কয়েকটি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর আধিপত্য লক্ষ্য করা গেছে।
তালিকার প্রথম ১০টির মধ্যে ৯টিসহ মোট ১০টি প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বলে জানা গেছে।
এস আলম গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মুরাদ এন্টারপ্রাইজ।
এছাড়া তালিকার বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও রয়েছে অন্যান্য প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর নাম। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠান—বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (৬ নম্বরে) এবং বেক্সিমকো কমিউনিকেশন্স (১৯ নম্বরে) তালিকায় স্থান পেয়েছে।
সিকদার গ্রুপের তিনটি প্রতিষ্ঠানও এই তালিকায় রয়েছে। এগুলো হলো—পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড (১৩ নম্বর), পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড (১৪ নম্বর) এবং সিএলসি পাওয়ার কোম্পানি (১৮ নম্বর)।
তালিকায় আরও রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড (১১ নম্বর) এবং দেশবন্ধু সুগার মিলস (১২ নম্বর)। বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের মালিকানাধীন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) রয়েছে ১৫ নম্বরে।
এছাড়া কর্ণফুলি গ্রুপের কর্ণফুলি ফুডস প্রাইভেট লিমিটেড তালিকার ১৬ নম্বরে এবং রফিকুল ইসলামের মালিকানাধীন রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড রয়েছে ২০ নম্বরে।
অর্থ মন্ত্রণালয়ের এ তালিকা প্রকাশের পর দেশের ব্যাংক খাতে বড় ঋণখেলাপিদের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণখেলাপি কমাতে কার্যকর নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
এসআর