আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া
সেলের সদস্য শায়রুল কবির খান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন, যশোর সফরে তারই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের সূচনা করবেন।
এই খালটি জাতীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন। এটি ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।
খুলনা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, ২৭ এপ্রিলের এই সফরে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির পাশাপাশি ওই অঞ্চলের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন। সফরের সার্বিক প্রস্তুতি এখন শেষের দিকে।
এসআর