প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৈঠকে জ্বালানি নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে, তবে কূটনৈতিক কারণে সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না। তিনি আরও জানান, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়ার যে কথা প্রচার হচ্ছে, তা সঠিক নয়।
তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল নয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা হয়। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি স্মারক উপহার তুলে দেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ব্যক্তিত্বদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ছবি ও হোয়াইট হাউসের একটি প্রতিরূপ ছিল।
এসআর