[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

উদ্বোধনের পরও চালু হয়নি নোবিপ্রবির ক্যাফেটেরিয়া, দুর্ভোগে শিক্ষার্থীরা

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১:৫৩ এএম

সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও এখনো সেখানে খাবার সরবরাহ শুরু হয়নি।

ফলে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

এর আগে প্রায় নয় মাস বন্ধ থাকার পর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দ্রুততার সঙ্গে ক্যাফেটেরিয়াটি উদ্বোধন করা হয়।

তবে উদ্বোধনের দিন কেবল আসবাবপত্র বসানো ছাড়া ভেতরে রান্না বা খাবার বিক্রির কোনো ব্যবস্থা ছিল না। এরপরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই।


ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাইরে খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে ব্যয় বাড়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ও নিরাপদ খাবারের ব্যবস্থা থাকা জরুরি। কিন্তু ক্যাফেটেরিয়া চালু না থাকায় তারা অতিরিক্ত দামে বাইরে থেকে খাবার সংগ্রহ করছেন।

এতে একদিকে সময় অপচয় হচ্ছে অন্যদিকে গুনতে হচ্ছে মাত্রাতিরিক্ত টাকা। দ্রুত ক্যাফেটেরিয়াটি চালুর দাবি জানান তারা।


এদিকে সংশ্লিষ্ট ক্যাটারিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আসবাবপত্র পুরোপুরি হস্তান্তর না করা এবং গ্যাস লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় রান্না শুরু করা যাচ্ছে না। এসব সমস্যার সমাধান হলে অল্প সময়ের মধ্যেই কার্যক্রম চালু করা সম্ভব বলে তারা উল্লেখ করেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি সম্প্রতি তাদের নজরে এসেছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত ক্যাফেটেরিয়া চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, নির্ধারিত সময়ের মধ্যে ক্যাফেটেরিয়া চালুর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। 

এসআর

সম্পর্কিত খবর