বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আট প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার
তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে গত ৩ এপ্রিল থেকেই তারা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছেন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, নির্বাচনের আগে ও পরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবেন। তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেবেন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি ঢাকা-১৭ আসনটি গ্রহণ করায় বগুড়া-৬ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। প্রশাসনের আশা, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটাররা কোনো বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এসআর