[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

ই-স্পোর্টস বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৫:২৬ পিএম

ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের পথে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ই-স্পোর্টস নেশনস কাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল।

নেশনস কাপে ১৫ ইভেন্টে লড়বে ৫০ গেমার • প্রাইজপুল ২২০ কোটির বেশি

বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (BYDESA) জানিয়েছে, বিশ্বকাপখ্যাত ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ ১৫টি ভিন্ন ইভেন্টে অংশ নেবে। রাজধানীর তোপখানা রোডে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম।

তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর একটি এই নেশনস কাপ। ২২০ কোটি টাকারও বেশি প্রাইজপুলের এই আসরে অংশ নিতে পারা আমাদের জন্য গর্বের।”

এবারের আসরে বাংলাদেশসহ প্রায় ১৫০টি দেশ অংশ নেবে। ১৫টি ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলবেন ৫০ জন গেমার। দলটির প্রস্তুতি সম্পর্কে টিম ম্যানেজার আগা রাফসান জানান, বাছাইপর্বে প্রথমে এশিয়ার দেশগুলোর বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। লিডারবোর্ডে শীর্ষ ২-৩ এর মধ্যে থাকতে পারলেই মূল পর্বে খেলার সুযোগ মিলবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই টুর্নামেন্টের জন্য দেশজুড়ে প্রায় ১৫০০ গেমার নিবন্ধন করেন। সেখান থেকে একাধিক ধাপের ট্রায়াল ও বাছাই প্রক্রিয়া শেষে গঠন করা হয়েছে চূড়ান্ত দল।

দলের কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন ও নাজমুস সাকিব জানান, সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে গেমার নির্বাচন করা হয়েছে এবং ইতোমধ্যে জোর প্রস্তুতি চলছে। তারা বলেন, “গেমপ্লে কৌশলের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিবেশে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও চলছে সমানতালে।”

ই-স্পোর্টসের দ্রুত বিস্তারমান বিশ্বে বাংলাদেশের এই অংশগ্রহণ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর