[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

বগুড়ায় শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৬ ১০:১৬ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে একযোগে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে এই আয়োজনের সূচনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


এর আগে সিলেট থেকে ভার্চুয়ালি প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘নতুন কুঁড়ি’ নামটি একসময় সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ছিল এবং সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে এই আয়োজন শুরু হয়েছে।


তিনি আরও জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই করে প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ তৈরি করা হবে।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।


জানা গেছে, প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট রাখা হয়েছে। অংশগ্রহণকারী একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে।

এসআর

সম্পর্কিত খবর