দেশের শিক্ষা ব্যবস্থায় সময়সূচিতে পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
নতুন প্রস্তাবিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা ডিসেম্বর মাসে আয়োজনের চিন্তাভাবনা করছে সরকার।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে মন্ত্রী জানান, বছরের শেষ নাগাদ পরীক্ষা শেষ করে দ্রুত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা অপেক্ষা না করেই পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবে।
নতুন কারিকুলাম প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা গেলে পাঠ্যক্রম, মূল্যায়ন এবং বোর্ড পরীক্ষা—সবকিছু একই চক্রে শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষা কার্যক্রম শেষ করতে পারবে।
তিনি আরও জানান, ডিসেম্বরকে একাডেমিক বছরের শেষ মাস হিসেবে পরীক্ষার জন্য নির্দিষ্ট রাখার পরিকল্পনা রয়েছে। বোর্ডগুলোকে এই সময়ের মধ্যেই পরীক্ষা আয়োজন ও দ্রুত ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হবে।
এই ব্যবস্থার ফলে শিক্ষার্থীরা তুলনামূলক কম বয়সেই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবে—প্রায় ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি শেষ করে তারা বিলম্ব ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে বলে আশা করছেন মন্ত্রী।
নতুন কারিকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে এ নিয়ে কাজ চলছে এবং সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকে তা চালুর চেষ্টা করা হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ভবিষ্যৎ সময়সূচি নিয়ে আলোচনা চললেও মূল লক্ষ্য হচ্ছে একটি কার্যকর পরিকল্পনা নির্ধারণ করা, যাতে প্রতি বছর ডিসেম্বরেই একাডেমিক কার্যক্রম শেষ করা যায়।
এসআর