দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর অবশেষে দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে ২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।
রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৪ সালের আগস্ট থেকে দেশের বাইরে অবস্থান করছেন এই অলরাউন্ডার।
ওই সময়ের পর থেকে নানা আইনি জটিলতার কারণে তার দেশে ফেরা সম্ভব হয়নি। বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন সাকিব আল হাসান।
সেখানে তিনি বলেন, বছরের শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন এবং তখন দেশে ফিরতে পারবেন বলে বিশ্বাস করেন। তার ভাষায়, দেশে ফেরা নিশ্চিত—এখন শুধু সময়ের বিষয়।
এদিকে, তাকে দেশে ফেরাতে অতীতে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের পর্যায়ে যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আগের বোর্ডের আগ্রহ থাকলেও কার্যকর পদক্ষেপের অভাব ছিল বলেও মন্তব্য করেন এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্বও বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।
বোর্ড সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আইনি জটিলতা কেটে গেলে সাকিব আল হাসান-সহ অন্যদের জন্য বোর্ডের দরজা খোলা থাকবে।
সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব।
এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।
তবে এর আগে দেশের মাটিতে ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথাও একাধিকবার জানিয়েছিলেন তিনি।
এসআর