বাংলাদেশ ক্রিকেটের মাঠে দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এখন থেকে মাঠে আসা সমর্থকদের সুযোগ–সুবিধা ও সেবার মান সরাসরি পর্যবেক্ষণ করা হবে এবং দর্শকদের মতামত গুরুত্ব সহকারে শোনা হবে।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, এতদিন খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মীদের বিষয়েই বেশি মনোযোগ দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় অংশীজন—মাঠে এসে খেলা দেখা দর্শকদের অভিজ্ঞতা নিয়ে সরাসরি আলোচনা বা প্রতিক্রিয়া নেওয়ার সুযোগ কম ছিল।
তিনি জানান, এই অবস্থার পরিবর্তন আনতেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, “দর্শকরা যখন মাঠে আসেন, প্রবেশ থেকে শুরু করে বসার ব্যবস্থা, খাবার–পানিসহ সবকিছুর অভিজ্ঞতা কেমন হচ্ছে—তা আমরা জানতে চাই।”
এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ম্যাচে দৈবচয়নের ভিত্তিতে ৫ থেকে ১০ জন দর্শকের সঙ্গে বসে সরাসরি কথা বলবেন তিনি নিজেই। পাশাপাশি বিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন গ্যালারিতে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলে তাদের মতামত সংগ্রহ করবেন এবং বোর্ডকে জানাবেন।
তামিম আরও বলেন, দর্শকদের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী হোম সিরিজ থেকেই এই কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে। সেই ম্যাচ থেকেই নতুন এই দর্শক-কেন্দ্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বিসিবি।
এসআর