পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতিহাস গড়লেন বাবর আজম।
করাচির বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমে অপরাজিত ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ৫১ বলে সাজানো এই ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কার মার।
ম্যাচের শুরুতেই একটি বড় অর্জনের খুব কাছে ছিলেন বাবর। মাত্র ১৩ রান প্রয়োজন ছিল ১২ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করতে, যা তিনি সহজেই স্পর্শ করেন।
এই মাইলফলকে পৌঁছাতে বাবরের লেগেছে মাত্র ৩৩৮ ইনিংস, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের, যিনি ৩৪৫ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। অন্যদিকে ভিরাট কোহলি এই মাইলফলক ছুঁয়েছেন ৩৬০ ইনিংসে।
এছাড়া, শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ১২ হাজার রানের ক্লাবে জায়গা করে নিলেন বাবর। এই তালিকায় আরও রয়েছেন কিরণ পোলার্ড, রোহিত শর্মা ও জস বাটলারের মতো বিশ্বমানের ক্রিকেটাররা।
এই অর্জনের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করলেন বাবর আজম।
এসআর