বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে রুবেল লেখেন, বাংলাদেশের জার্সিতে খেলাটা তার জন্য ছিল গর্ব ও আবেগের বিষয়। তবে সময়ের বাস্তবতায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অবসরের ঘোষণা দিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই ডানহাতি পেসার। তিনি বলেন, দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান এবং ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাবেন।
রুবেল সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।
ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ২৭টি টেস্টে ৩৬ উইকেট, ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন তিনি।
বিদায় বেলায় পরিবার, বন্ধু, সতীর্থ, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুবেল। ভবিষ্যতেও সবার সমর্থন ও ভালোবাসা পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই অভিজ্ঞ পেসার।
এসআর