[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ট্রাইব্যুনালের রায়ে আরও ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:১১ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পুলিশের আরও ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ ধারার ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

চাকরি হারানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, শাহ আলম মো. আখতারুল ইসলাম (বিপি-৮৫১৩১৫১৯৯৫) বর্তমানে সিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি ডিএমপির রমনা জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই রায়ের তারিখ ২৬ জানুয়ারি ২০২৬ থেকে তার চাকরি থেকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

মোহাম্মদ ইমরুল (বিপি-৮৯১৮২২০৫২৮) বর্তমানে ৮ এপিবিএনে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। ট্রাইব্যুনাল-১-এর মামলায় তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইভাবে ২৬ জানুয়ারি ২০২৬ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সৈয়দ নুরুল ইসলাম (বিপি-৭১০১১০৮১৮৮) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তার চাকরিচ্যুতির আদেশ কার্যকর করা হয়েছে।

একই ট্রাইব্যুনালের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (বিপি-৭৭০৬১২১৭০১), অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি (বিপি-৮৫১১১৪২৫২১) এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম (বিপি-৮৭১৩১৫১৩৮৭)-কেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের ক্ষেত্রেও বরখাস্তের আদেশ ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।

মো. আসাদুজ্জামান বর্তমানে বিপিএ, সারদা, রাজশাহীতে সংযুক্ত ছিলেন এবং এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার ছিলেন। আব্দুল্লাহিল কাফি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

আর শহিদুল ইসলাম বর্তমানে ১৬ এপিবিএন, কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত রয়েছেন; এর আগে তিনি ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরীর স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর