[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত- আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭:১৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের সময় জামায়াতে ইসলামী তাদের নাম মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিল বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তার দাবি, সংসদে সংশোধিত আইন পাসের সময় জামায়াতের পক্ষ থেকে কোনো ‘না’ ভোট দেওয়া হয়নি। এর মধ্য দিয়ে দলটি ১৯৭১ সালে তাদের ভূমিকা মেনে নিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ডে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: এর ইতিহাস ও রাজনীতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) বইটি প্রকাশ করেছে।

অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০১৬ সালে তিনি যে অবস্থান নিয়েছিলেন, জামায়াত সেটি গ্রহণ করলে দলটির অনেক প্রশ্নেরই সমাধান হতে পারত।

মো. আসাদুজ্জামান বলেন, ইসলামিক শাসন জোর করে চাপিয়ে দেওয়ার চিন্তা একটি ভ্রান্ত নীতি। তার মতে, সমাজে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্র গঠন ও পরিচালনার পথই প্রকৃত ইসলামিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি হতে পারে।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের চিন্তার সঙ্গে দ্বিমত পোষণের সুযোগ রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তবে মূল্যবোধ ও রাষ্ট্রব্যবস্থার দৃষ্টিকোণ থেকে তার চিন্তাকে আলোচনার অংশ হিসেবে দেখা প্রয়োজন।

তিনি বইটিকে সাহিত্যকর্ম বা প্রচলিত গবেষণাগ্রন্থের চেয়ে একজন জীবন্ত মানুষের জীবনদর্শন ও অভিজ্ঞতার ‘এনসাইক্লোপিডিয়া’ হিসেবে অভিহিত করেন।

তার ভাষ্য, রাজ্জাক সাহেব একটি সমাজকে নিজের জীবন দিয়ে যেভাবে দেখেছেন এবং তার যে জীবনদর্শন ছিল, বইটিতে তারই প্রতিফলন ঘটেছে।

অনুষ্ঠানে জামায়াতের মূলধারার আইনজীবী ও নেতৃত্বের প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, তাদের উপস্থিতি প্রত্যাশিত ছিল। তারা বইটির বিভিন্ন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারতেন এবং সমালোচনা করতে পারতেন। কারণ, ভিন্নমত প্রকাশের সুযোগ থাকাই গণতন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, কোনো লেখকের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া যেমন জরুরি নয়, তেমনি তার সমালোচনা গ্রহণ করতে না পারাও সঠিক নয়।

বইটিতে বিএনপি নিয়েও সমালোচনা রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ভিন্নমত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা না থাকলে সমাজব্যবস্থায় এগিয়ে যাওয়া কঠিন।

এসআর

সম্পর্কিত খবর