[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

আইএমএফের বার্ষিক সভার সংবাদ সংগ্রহে ব্যাংকক যাচ্ছেন সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬ ৯:৫৪ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা এবং সংশ্লিষ্ট কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির জন্য থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন প্রতিদিনের বাংলার জৈষ্ঠ্য প্রতিবেদক সাইদুর রহমান।

 আগামী ১১ অক্টোবর রোববার তিনি ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করবেন। ১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত হবে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া গ্রামের সন্তান সাইদুর রহমান দীর্ঘদিন ধরে অর্থনীতি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করছেন।

 

ব্যাংককে অবস্থানকালে তিনি আইএমএফ ও বিশ্বব্যাংকের বিভিন্ন অধিবেশন, সংবাদ সম্মেলন এবং সংশ্লিষ্ট কর্মসূচির খবর সংগ্রহ করবেন। পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার গ্রহণ এবং প্রাসঙ্গিক সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করবেন।

 

আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়নসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। আন্তর্জাতিক অর্থনীতির গতিপ্রকৃতি, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন, জলবায়ু অর্থায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক চ্যালেঞ্জসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ ধরনের সভায় আলোচনায় উঠে আসে।

 

বাংলাদেশের অর্থনীতি, আর্থিক খাত, উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে এসব আলোচনার গভীর সম্পর্ক রয়েছে। ফলে ব্যাংককে অনুষ্ঠিতব্য সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আলোচনা ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ বাংলাদেশের পাঠকদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করবেন সাইদুর।

 

এর আগে সাইদুর রহমান ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের ২৯তম জলবায়ু সম্মেলন (কপ-২৯), ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-৩০) এবং কাতারে অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলনে (CoSP11) অংশ নিয়ে সংবাদ কাভার করেছেন।

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলনে তাঁর এই অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পাঠকেরা আরও তথ্যভিত্তিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটসমৃদ্ধ সংবাদ পাবেন বলে আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর