রাজধানীতে দিনের আলো ফোটার আগেই বিভিন্ন সড়কে সক্রিয় হয়ে উঠছে ছিনতাইকারী চক্র।
রাজধানীর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করলেও ছিনতাই পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে ৬৫টি মামলা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ২০টি, আগস্টে ২২টি এবং সেপ্টেম্বরে ২৩টি মামলা নথিভুক্ত হয়। তবে অনেক ভুক্তভোগী আইনি ঝামেলার আশঙ্কায় মামলা না করায় প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে।
পুলিশের তথ্য অনুযায়ী, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সাধারণত কয়েকটি ধাপে এসব অপরাধ সংঘটিত হয়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তাদের তৎপরতা বেশি থাকে।
প্রবাসীদেরও ছাড়ছে না ছিনতাইকারী চক্র
গত ২ অক্টোবর রাতে সৌদি আরব থেকে দেশে ফেরেন ৩০ বছর বয়সী ওমার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাবা ও দুই স্বজন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গভীর রাতে যাত্রা না করে ভোরের দিকে ব্যক্তিগত গাড়িতে কেরানীগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তারা।
ওমারের অভিযোগ, গণভবনসংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যাল পার হয়ে ইউটার্ন নেওয়ার সময় একটি হায়েস গাড়ি তাদের পথ আটকে দেয়। সেখান থেকে কয়েকজন নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। গাড়িতে অবৈধ মালামাল থাকার অভিযোগ তুলে তল্লাশির কথা বলেন তারা।
একপর্যায়ে গাড়ির চাবি নিয়ে ওমারের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পুরো ঘটনাটি প্রায় দেড় মিনিটের মধ্যে ঘটে। যাওয়ার সময় তাকে বিষয়টি কাউকে না জানানোর হুমকিও দেওয়া হয় বলে জানান ওমার।
শ্যামলী ও মোহাম্মদপুরেও ছিনতাইয়ের অভিযোগ
গত ১৭ অক্টোবর সকালে স্ত্রীকে নিয়ে রিকশায় করে কল্যাণপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ। শ্যামলীর কাছাকাছি একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার স্ত্রীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ব্যাগে নগদ টাকা, মুঠোফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
এর আগে ১৭ সেপ্টেম্বর মোহাম্মদপুরের সাদেক খান রোডে ছিনতাইকারীদের কবলে পড়েন ব্যবসায়ী হৃদয় মিয়া। মোটরসাইকেলে যাওয়ার পথে তার পথ আটকে হামলা চালিয়ে মোটরসাইকেল ও টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ছাড়া রায়েরবাজার কবরস্থানে ভোরে স্বজনদের কবর জিয়ারত করতে গিয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক যুবক। তার দাবি, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যায়।
গাবতলী-শ্যামলী সড়কে বেশি আতঙ্ক
বিভিন্ন ঘটনার তথ্য পর্যালোচনায় দেখা যায়, গাবতলী থেকে শ্যামলী অভিমুখী সড়কগুলোতে ভোরের ছিনতাইয়ের অভিযোগ বেশি। দূরপাল্লার বাস থেকে নেমে রিকশায় করে বাসায় ফেরার সময় যাত্রীরা সহজেই দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হচ্ছেন। টেকনিক্যাল মোড়, শ্যামলী ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে।
গত ২৯ আগস্ট ঢাকায় এসে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান বগুড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রনজিলা পারভীন। এ ঘটনায় পরে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। এর আগে উত্তরায় মুক্তা আক্তার এবং জুন মাসে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোহেলি ইসলামও ছিনতাইয়ের ঘটনায় প্রাণ হারান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাতের ফ্লাইওভারেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ভোরের সড়কের পাশাপাশি গভীর রাতে রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারেও ছিনতাইয়ের অভিযোগ উঠছে। ভুক্তভোগীদের দাবি, কিছু দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর নাইলনের সুতা ব্যবহার করে মোটরসাইকেল চালকদের বিপদে ফেলছে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তাদের কাছ থেকে টাকা, মুঠোফোন, ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হচ্ছে।
মহাখালী, যাত্রাবাড়ী এবং উত্তরা-গাজীপুরের ফ্লাইওভারগুলোতে এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে সতর্কতামূলক পোস্ট দিচ্ছেন ভুক্তভোগীরা।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুর রহমান জানান, সম্প্রতি গভীর রাতে মহাখালী ফ্লাইওভার দিয়ে ফেরার সময় তার গলায় সুতার মতো কিছু আটকে যায়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। পরে কয়েকজন এসে তার মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যায়।
একই ফ্লাইওভারে গত ১৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে আইটি বিশেষজ্ঞ তানভীর আহমেদ ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ রয়েছে। তার স্মার্টফোন, ল্যাপটপের ব্যাগ ও মানিব্যাগ নিয়ে যায় দুর্বৃত্তরা।
ছিনতাই নিয়ন্ত্রণে পুলিশের উদ্যোগ
ডিএমপির কর্মকর্তাদের ভাষ্য, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের একটি অংশ মাদকাসক্ত। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও কেউ কেউ একই অপরাধে জড়িয়ে পড়ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ওসমান গণি জানান, ভোরের সড়কে ছিনতাইয়ের অভিযোগ পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। এসব ঘটনা প্রতিরোধে সকাল ও ভোরের সময় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি ছিনতাইয়ে জড়িত সন্দেহভাজনদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
এফ/ডি