রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
তিনি জানান, শ্রমিকদের মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
এ বোর্ডের মাধ্যমেই শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা সড়ক ছাড়তে রাজি হননি।
মহিদুল ইসলাম বলেন, আন্দোলনের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো পক্ষ যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে কি না, সে বিষয়েও পুলিশের সন্দেহ তৈরি হয়েছে।
জনদুর্ভোগ কমাতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও কর্মকর্তার উপস্থিতিতে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো লাঠিচার্জ করা হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্যও আহত হননি।
এ/এইচ/টি