জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কড়া বার্তা দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক
অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সারজিস আলমের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং বর্তমান বিরোধী দলীয় অবস্থানের কঠোর সমালোচনা করেন।
নীলা ইসরাফিল তার বার্তায় উল্লেখ করেন যে, বর্তমানে বিরোধী দলে থাকলেও বাংলাদেশের সাধারণ মানুষ সারজিস ও তার সহযোগীদের রাজনৈতিক অস্তিত্ব মেনে নেবে না। তিনি দাবি করেন, তাদের রাজনৈতিক পতনের সময় গণনা শুরু হয়ে গেছে এবং তারা অচিরেই এ দেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন। রাজনীতিতে পরিবর্তনের বিষয়টি স্বাভাবিক হলেও শেষ পর্যন্ত জনগণের রায়ই চূড়ান্ত বলে তিনি মন্তব্য করেন।
পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফিরবে কি না তা ভবিষ্যৎ বলবে, তবে সারজিসদের টিকে থাকা নিয়েই এখন বড় সংশয় রয়েছে। জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারে না স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রতিটি ভুল সিদ্ধান্ত তাদের পতনকে আরও ত্বরান্বিত করছে। ক্ষমতার চেয়ে জনগণই বড়—এই বাস্তবতা মেনে নিয়ে সারজিস আলমকে আত্মসমালোচনা ও জনগণের কাছে জবাবদিহি করার আহ্বান জানান নীলা ইসরাফিল।
এসআর