ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য
সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পর্যবেক্ষণ রিপোর্ট হস্তান্তর: ইইউ মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের একটি পর্যবেক্ষণ রিপোর্ট ডা. শফিকুর রহমানের কাছে হস্তান্তর করেন। পাশাপাশি তারা 'জুলাই সনদ' বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।
রাজনৈতিক সংস্কার ও ঐকমত্য: বিরোধীদলীয় নেতা জানান যে, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে সেগুলো বাস্তবায়নে গড়িমসি করছে। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে রাজনৈতিক নেতৃত্বের ওপর থেকে জনগণের আস্থা উঠে যেতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: বৈঠকে ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সহিংসতা, বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য এবং জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা তুলে ধরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ইইউ প্রতিনিধি দলের অবস্থান: ইইউ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালীকরণ, রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে তারা কিছু সুপারিশও প্রদান করেন।
বৈঠকে ইইউ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাইবা জারিনা, ইন্টা লেইস, ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম। অন্যদিকে বিরোধীদলীয় নেতার সাথে ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান ও আলী আহমাদ মাবরুর।
এসআর