হাম রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বরাদ্দ কম বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি সংবিধিবদ্ধ হলেও সরকারি সহায়তা পর্যাপ্ত নয়। আগে বছরে ৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও বর্তমানে তা কিছুটা কমেছে, যা দিয়ে এত বড় হাসপাতালের ব্যয় নির্বাহ করা কঠিন। হাসপাতালটিতে প্রায় ৭০০ শয্যা থাকলেও উল্লেখযোগ্য অংশ বিনামূল্যে সেবা দেওয়া হয়, ফলে আর্থিক চাপ বাড়ছে।
পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা এখানে আসছেন, কিন্তু সক্ষমতার সীমাবদ্ধতার কারণে অনেককে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হচ্ছে।
সরকারের উদ্যোগে একটি আইসিইউ চালুর প্রশংসা করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় শয্যা সংখ্যা বাড়ানো জরুরি। তার মতে, শয্যা সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো গেলে রোগীদের ভোগান্তি কিছুটা কমবে।
এ সময় তিনি হাসপাতালের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং হামের মতো সংক্রামক রোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এসআর