ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ঝালকাঠির ডা. মাহমুদা আলম মিতুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেত্রী আগামী ১২ মে আনুষ্ঠানিকতা শেষে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।
জোটভিত্তিক আসন বণ্টন অনুযায়ী, জামায়াতে ইসলামী ও তাদের মিত্রদের জন্য বরাদ্দ ১৩টি আসনের একটি থেকে তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। একই প্রক্রিয়ায় জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধানের মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, সংরক্ষিত আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দের পর ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দলগুলোর মনোনীত প্রার্থীর সংখ্যা বরাদ্দকৃত আসনের সমান হওয়ায় ডা. মিতুর নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা অঞ্চল নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনের দায়িত্ব পালন করতে আগ্রহী।
পেশায় চিকিৎসক ডা. মাহমুদা আলম মিতুর পৈতৃক বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে 'কেয়ার অব মিতু' নামক সামাজিক উদ্যোগের মাধ্যমে ঝালকাঠি এলাকায় তরুণদের কর্মসংস্থান, নারী নিরাপত্তা এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় কাজ করে আসছেন।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি প্রান্তিক অঞ্চলে মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি নিজের এলাকাকে একটি শিক্ষিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এসআর