মাদকদ্রব্য নিয়ন্ত্রণে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৪ এপ্রিল) কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আরও কঠোর অবস্থানে যাবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশকে মাদকমুক্ত করা যায়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার এখন সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এ বিষয়ে সরকার গবেষণার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি খাত নিয়ে বক্তব্যে তিনি বলেন, কৃষকই দেশের অর্থনীতির ভিত্তি। কৃষকের অবস্থান শক্তিশালী হলে দেশও এগিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে।
তিনি জানান, কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকার কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে উপকরণ, সহজ শর্তে ঋণ, সেচ সুবিধা, ভর্তুকি, কৃষি প্রশিক্ষণ ও বাজার-আবহাওয়া তথ্যসহ বিভিন্ন সুবিধা পাবেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৬৯৮ জন কৃষক এই কৃষক কার্ড পাচ্ছেন, যার মধ্যে ১ হাজার ৪৬৩ জন পুরুষ এবং ২৩৫ জন নারী কৃষক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য Shahjahan Chowdhury, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। এছাড়া কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এসআর