[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতায় জোর দিলেন ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ৮:২৫ পিএম

সংগৃহীত ছবি

মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৫ মে) রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন প্রত্যাশা চত্বরে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে শাহবাগ থানা বিএনপি।


প্রশাসক বলেন, সামনে বর্ষা মৌসুমকে কেন্দ্র করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাপ্তাহিক ক্লিনিং ডে কর্মসূচির আওতায় নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। তবে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া নাগরিকদেরও দায়িত্ব।


তিনি আরও বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। তবে এই লক্ষ্য অর্জনে রাজনৈতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।


সবুজায়নের গুরুত্ব তুলে ধরে আবদুস সালাম বলেন, বিভিন্ন সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি নগর পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং শহরকে আরও বাসযোগ্য করে তুলবে।


অনুষ্ঠানের শুরুতে তিনি সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন সড়ক দ্বীপে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এসআর

সম্পর্কিত খবর