বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির ৩৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে আবদুল আজিজ চৌধুরীকে সভাপতি এবং মো. জাহাঙ্গীর আলম প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (৯ মে) রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির পরিচিতি ও আলোচনা সভা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবদুল আজিজ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবদুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান এবং প্রধান উপদেষ্টা শাহ আশরাফ উদ্দিন আহমেদ শামীম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুগের পর যুগ ধরে যাত্রী ও পণ্য পরিবহনে বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চ গুরুত্বপূর্ণ অবদান রাখলেও যাত্রীসেবার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
তারা আরও বলেন, পরিবহন খাত বর্তমানে দেশের একটি বৃহৎ চলমান শিল্পে পরিণত হয়েছে।
এ খাতে মালিক, চালক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।
পাশাপাশি পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সভা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
প্রসঙ্গত, এটি একটি সমাজসেবা মূলক এবং অরাজনৈতিক সংগঠন।
এসআর