[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে, আজ মিলছে ২৫ মে’র টিকিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১১:২১ এএম

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের সুবিধায় অগ্রিম ট্রেন টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের ২৫ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। একইদিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।


রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, ২৬ মে’র যাত্রার টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে অনলাইনে পাওয়া যাবে। সম্ভাব্য ঈদের তারিখ ২৮ মে ধরে ধাপে ধাপে অগ্রিম টিকিট ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।


রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।


ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে। তবে বিরতিহীন ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।


অনলাইনে টিকিট কাটার নিয়ম
যাত্রীরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
প্রথমে নিবন্ধন সম্পন্ন করে মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাই করতে হবে। এরপর লগইন করে যাত্রার তারিখ, স্টেশন ও শ্রেণি নির্বাচন করে টিকিট খুঁজতে হবে। পছন্দের আসন নির্বাচন শেষে অনলাইন পেমেন্ট সম্পন্ন করলে ই-টিকিট ডাউনলোড করা যাবে এবং ই-মেইলেও কপি পাঠানো হবে।


সার্ভারের চাপ সামলাতে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়ে ছাড়া হচ্ছে। পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছে।


এদিকে ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিট বিক্রির সময়সূচি পরে জানানো হবে।

এসআর

সম্পর্কিত খবর