[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১:৫৬ এএম

সংগৃহীত ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে করব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য নতুন করে ‘সম্পদ কর’ চালুর চিন্তাভাবনার পাশাপাশি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছু স্বস্তির ব্যবস্থাও রাখা হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ধাপে ধাপে ৪ লাখ টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে ব্যাংকে আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সীমাও ৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদনের ইঙ্গিত পাওয়া গেছে।

পরিবহন খাতে কর ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি অনুযায়ী বার্ষিক কর নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য ১ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৩ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ৫ হাজার টাকা কর ধার্যের চিন্তা চলছে।

অন্যদিকে, ৩ হাজার ৫০০ সিসির বেশি বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে অগ্রিম আয়কর উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে।

বর্তমানে এই করের পরিমাণ ২ লাখ টাকা।

তবে ১ হাজার ৫০০ সিসি পর্যন্ত সাধারণ গাড়ির ওপর বিদ্যমান ২৫ হাজার টাকার কর অপরিবর্তিত থাকতে পারে।

সরকারি সূত্র বলছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হতে পারে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি।

সরকারের লক্ষ্য হচ্ছে সরাসরি করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং উচ্চ আয়ের ব্যক্তিদের কর ব্যবস্থার আওতায় আরও কার্যকরভাবে আনা।

এছাড়া জ্বালানি সংকট ও পরিবেশগত ভারসাম্য বিবেচনায় বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের জন্য বিশেষ সুবিধা রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে।

একই সঙ্গে রাজস্ব আয় বাড়াতে তামাকজাত পণ্য ও বিদেশি মদের ওপর শুল্ক বৃদ্ধির সম্ভাবনার কথাও জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর