প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পুলিশের বর্ণাঢ্য প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতিফলন। দীর্ঘ সময়ের রাজনৈতিক আন্দোলন ও গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত বর্তমান সরকার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে দক্ষতার প্রমাণ দিয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের সঙ্গে পুলিশের মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ পুলিশের সদস্যরা সাহসিকতা, মানবিকতা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের অবদান বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের প্রতিরোধ ছিল স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।
একই সঙ্গে সে সময়কার কিছু রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে গবেষণার সুযোগ এখনও রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসআর