পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি কোরবানি পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের সব জায়গার বর্জ্য পরিষ্কার নিশ্চিত করার নির্দেশ দেন। বৈঠক শেষে
সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দ্রুত বর্জ্য অপসারণ: প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন যে, সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কোরবানি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য সরিয়ে ফেলতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটেশনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের ওপরও তিনি জোর দিয়েছেন।
মহাসড়ক ও রেললাইনে নিষেধাজ্ঞা: যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে কোনোভাবেই মহাসড়কের ওপর পশুর হাট বসানো যাবে না। একই সঙ্গে রেললাইনের পাশেও পশুর হাট বসানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সমন্বয় সভা: প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুতই সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক, মেয়র এবং জেলা প্রশাসকদের নিয়ে বিশেষ সমন্বয় সভা করবেন।
শৃঙ্খলা রক্ষা: স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং দেশের কোথাও বর্জ্য উপচে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।
আগামী ঈদুল আজহায় বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর হাট নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
এসআর