প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের মতোই জনপ্রশাসনের কোনো পদ স্থায়ী নয়।
তাই কর্মকর্তাদের উচিত প্রতিটি দায়িত্বকে সমান গুরুত্ব দিয়ে দেখা এবং যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকা।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চার দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়ে তিনি প্রশাসনের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনগণের ভোটে গঠিত সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের পদও কারও জন্য চিরস্থায়ী হতে পারে না। তাই পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের জন্য নীতির সঙ্গে আপস করা ঠিক নয়। এতে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে প্রশাসনের পক্ষেও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব।
অতীতের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের কারণে দেশ বড় অঙ্কের ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। ফলে জনগণ এখন সরকারের কাছ থেকে কার্যকর ও দৃশ্যমান উন্নয়ন প্রত্যাশা করে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব থেকে কোনো দেশই পুরোপুরি মুক্ত নয়। বাংলাদেশও এর বাইরে নয়। তবে জনগণের কষ্ট কমিয়ে কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এসআর