আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা।
তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর আগে ২৩ ও ২৪ মে যথারীতি অফিস কার্যক্রম চলবে।
এদিকে বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এ নীতিমালার লক্ষ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
নীতিমালায় নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি টয়লেট ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় অর্থায়ন ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথাও উল্লেখ করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য আলাদা টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সব পাবলিক টয়লেটে সেফটি ট্যাংক স্থাপন বাধ্যতামূলক করা হবে, যাতে বর্জ্য নদী বা জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ সৃষ্টি করতে না পারে।
এসআর