ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিনকে জনৈক শেখ জনি কর্তৃক মোবাইল ফোনে হুমকি প্রদান করার ঘটনায় ডিআরইউ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।
আজ শনিবার (২ মে, ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালে আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মনে করেন, এটি সাংবাদিকদের স্বাধীন ও পেশাগত দায়িত্ব পালনে ভয়ভীতি প্রদর্শনের একটি গুরুতর উদাহরণ।
এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।ডিআরইউ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানায় যে, হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
পাশাপাশি, ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাতে সেগুনবাগিচাস্থ ডিআরইউ কার্যালয়ে অবস্থানকালে আবদুল হাই তুহিনের ব্যবহৃত মোবাইল নম্বরে “শেখ জনি” পরিচয়ে এক ব্যক্তি ফোন করে তাকে হুমকি প্রদান করে।
পরবর্তীতে হুমকিদাতা ব্যক্তি দাবি করে যে, ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত “ডিআইএ-তে দুর্নীতির সিন্ডিকেট” শীর্ষক প্রতিবেদন প্রকাশের জেরে এই হুমকি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আবদুল হাই তুহিন সংবাদ প্রতিদিনের শিক্ষা বিষয়ক রিপোর্টার।
এসআর