দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদে মাঠে রাখার পক্ষে নয় সরকার—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে সেনাসদস্যদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে কাজ চলছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে পুনর্গঠনের কাজ এগিয়েছে এবং জনমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়ছে। এ কারণেই সেনাবাহিনীর মাঠ পর্যায়ের দায়িত্ব পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করছে সরকার।
তিনি আরও বলেন, কীভাবে ও কোন প্রক্রিয়ায় সেনা প্রত্যাহার করা হবে, তা সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।
চলমান অভিযান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র, জুয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।
কোথাও যৌথভাবে, আবার কোথাও পৃথকভাবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।
তার দাবি, এসব অভিযানের ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
এসআর