যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় এই জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশি কমিউনিটির মানুষেরা উপস্থিত ছিলেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন যে, জানাজা শেষে মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
ফিউনারেল সংস্থা আজ ৭ মে অরলান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠাবে, যা ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো বিষয়টি মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস তত্ত্বাবধান করছে।
উল্লেখ্য যে, এই হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করছে। এর আগে জামিল লিমনের মরদেহ ৪ মে দেশে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তা পরিবারের কাছে হস্তান্তর করেন এবং ওই রাতেই জামালপুরের মাদারগঞ্জে তার দাফন সম্পন্ন হয়।
এসআর