দাপ্তরিক কাজ শেষে কোনো প্রকার প্রটোকল ছাড়াই নিজে গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সচিবালয় থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার
সহধর্মিণী ডা. জুবাইদা রহমান গাড়ির সামনের আসনে বসা ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই তিনি সেখানে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কারওয়ান বাজার এলাকায় সিগন্যালে সাধারণ যানবাহনের সঙ্গেই প্রধানমন্ত্রীর গাড়িটি আটকে রয়েছে এবং তিনি নিজেই সেটি চালাচ্ছেন। এ সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে হাত নেড়ে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়। সিগন্যাল ছাড়ার পর তিনি সম্মেলন কেন্দ্রের দিকে যাত্রা করেন। তার এমন সাধারণ জীবনযাপন ও সরাসরি জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়ের বিষয়টি সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
এসআর