বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করেছেন যে, আগামী মে মাসের মধ্যেই
দেশের হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এই লক্ষ্য অর্জনে দেশের প্রতিটি শিশুকে দ্রুত টিকার আওতায় আনতে ব্যাপক কর্মসূচি পালন করা হচ্ছে।
মন্ত্রী জানান, গত ছয় বছর শিশুদের হামের টিকা না দেওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু করে ইতিমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। অনেক এলাকায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং প্রথম ধাপে টিকা দেওয়া ৩০টি উপজেলায় বর্তমানে কোনো হামের রোগী নেই। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্বব্যাংকের সহযোগিতায় টিকাদান কর্মসূচি ৫ মে শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা ১৪ দিন এগিয়ে ২০ এপ্রিল থেকে শুরু করা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী বলেন, মশক নিধনে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ১ মে থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অস্থায়ী তাঁবু স্থাপনের কাজ শুরু হবে। চিকিৎসা সেবার চেয়ে রোগ প্রতিরোধেই বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এসআর