দীর্ঘদিন পর আগামী ২০ এপ্রিল পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকালে তিনি বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা ও এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে জোরালো সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩
এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে বগুড়া পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর জেলা জজ আদালত প্রাঙ্গণে দেশের ১৫টি জেলায় একযোগে 'ই-বেইলবন্ড' (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিনই বেলা ১১টায় বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের শুভ উদ্বোধন করার কথা রয়েছে তার।
এরপর প্রধানমন্ত্রী সড়কপথে গাবতলীর বাগবাড়ী গ্রামে নিজ বাড়িতে যাবেন। সেখানে তিনি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, চৌকিরদহ খাল খনন কাজ এবং বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্বোধন করবেন। পৈতৃক ভিটা পরিদর্শন শেষে বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা জানান, প্রধানমন্ত্রী নিজেই ২০ এপ্রিল বগুড়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর এই আগমণকে কেন্দ্র করে বগুড়াজুড়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, সফরের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি।
এসআর