শিশুদের হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের দাবি জানিয়ে সাবেক প্রধান উপদেষ্টা ইউসমনুস সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে দুদকে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিমকোর্টের দুই আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং এতে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে টিকার ঘাটতি ও সরবরাহ সংকটের খবর প্রকাশ পাওয়ায় জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এতে আরও বলা হয়, টিকাদান কার্যক্রমে দুর্বলতা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে পরিস্থিতি অবনতির অভিযোগ উঠেছে। একই সঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আলোচনায় সংশ্লিষ্টদের জবাবদিহিতার বিষয়টিও উঠে আসছে।
এদিকে বর্তমান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, টিকা ও সিরিঞ্জের সংকট পূর্ববর্তী সময়ের অব্যবস্থাপনার ফল।
আবেদনের পর বিষয়টি তদন্তে নেয় কি না, সে বিষয়ে এখনো দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসআর