হজযাত্রীদের সেবার মান বাড়াতে আরবি ভাষায় পারদর্শী ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন। আগামী বছর থেকে অভিজ্ঞ ও ভাষাদক্ষ ব্যক্তিদের নিয়োগের পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি, যাতে হাজিরা কার্যকর সহায়তা পান।
প্রধানমন্ত্রী হজ এজেন্সিগুলোকে আগামী তিন দিনের মধ্যে হজযাত্রীদের আবাসন (হোটেল বা বাড়ি) এবং ফ্লাইট সংক্রান্ত যাবতীয় তথ্য ধর্ম মন্ত্রণালয়ের পোর্টালে আপলোড করার কঠোর নির্দেশ দিয়েছেন। এছাড়া হজ শেষে প্রতিটি এজেন্সির কাজের মান বা পারফরম্যান্স মূল্যায়নের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও বিভিন্ন চ্যালেঞ্জ সভায় উপস্থাপন করেন। সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর